কবিতা
বিউগল
সফিকুজ্জামান
হৃদয়ের নদে ভাসে ছোট্ট এক ডিঙি
সারাদিন একা একা মাঝি দাঁড় টানে
আকাশের নক্ষত্রের মতো
সারারাত ঘুম নেই চোখে।
পলকা কাঠের ডিঙি
হাড়ে হাড়ে ক্ষয় রোগ মরণের ব্যাধি
হাতছানি দিয়ে ডাকে প্রতিদিন-
গভীর সমুদ্রে এসো সখা
অতল শীতলে ডুব দাও।
মায়াবী কালের গায়ে কিছুটা সময়
কাঁপা কাঁপা হাতে আঁকি
বিবর্ণ ছায়ার রঙ -
সাইবেরিয় শীতের দেশে
সোনামুখী চাঁদ ডুবে যায়।
ছন্দহীন বাতাসের গায়ে
সুদূরের বিউগল ঘ্রাণ-
পারদ নামার নীল শব্দে
আমিও অস্থির।
...............................
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন